কৃষক শ্রমিক ও জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘শেখ হাসিনা কাঁদতেও জানেন মারতেও জানেন। আর খালেদা জিয়াকাঁদতেও জানেন না, মারতেও পারেন না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘মানুষ হয়ে মানুষের ভোট নেবেন অথচ সেই দেশের মানুষের মতামত নেবেন না— এটা তো হতে পারে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আলোচনায় বসুন, সমাধানে আসুন, দেশ বাঁচান।’
একইসঙ্গে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বঙ্গবীর বলেন, ‘বাসে পেট্রোল বোমা মেরে, আগুনে মানুষ পুড়িয়ে, জান-মালের ক্ষতি করে কোনো লাভ নেই। অবরোধ প্রত্যাহার করুন, দেশ বাঁচান।’
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে ১ মে, শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা রাজমিস্ত্রী শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে তিনি এসব কথাবলেন।
কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আমি যদি রাজাকার হই তাহলে বঙ্গবন্ধু কি? এখন বিএনপি বঙ্গবন্ধুকে রাজাকার বলে। যাদের জন্য রক্ত ও যৌবন খুইয়েছি তারা তো মূল্যয়ন করেনি। আজ থেকে ৫-৭ বছর আগে আওয়ামী লীগের লোকজন আমাকেও রাজাকার বলেছিল।’
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন— কৃষক শ্রমিক ও জনতা লীগের শেরপুর জেলা শাখার আহ্বায়ক জোবাইদুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক মোকলেছুর রহমান, ছাত্র নেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।
শান্তির দাবিতে অবস্থান কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকেলে তিনি নালিতাবাড়ী উপজেলা পরিষদ চত্বরে বক্তব্য রাখেন।





