সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৬ জন নিহত হয়েছে। শনিবার রাত ১২টা রবিবার ১২টা পর্যন্ত এ হিসেব করা হয়।
এর মধ্যে ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ৫ জন এবং ঢাকার বাহিরে একজন।
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপির স্ত্রী, ঢাকার ইডেন মহিলা কলেজের এক ছাত্রী, ঢাকা মেডিক্যালে নরসিংদীর এক কলেজছাত্রী, চাঁদপুরের মতলবের নারী ইউপি সদস্য ও মাগুরাতে এক গৃহবধূ মারা গেছেন ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া খুলনায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় স্কুলছাত্র।
অতিরিক্ত আইজিপির স্ত্রী:
পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজিপি (ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগ) শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রী মারা গেছেন। তার নাম সৈয়দা আক্তার (৫৫)। রবিবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেন।
সৈয়দা আক্তার শনিবার (৩ আগস্ট) স্কয়ার হাসপাতালে ভর্তি হন। এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
পুলিশ ও স্বজনরা জানান, সৈয়দা আক্তারের গ্রামের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। তার তিন ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। ঢাকায় পরিবারের সঙ্গে রাজারবাগের পুলিশ অফিসার্স বাসভবন মেঘনায় বাস করতেন।
ইডেন মহিলা কলেজছাত্রীর মৃত্যু:
জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. সামিউল হাসান গণমাধ্যমকে বলেন, ‘ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকার ইডেন মহিলা কলেজের ছাত্রী শান্তা আক্তারের (২০) মৃত্যু হয়।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান। শান্তা আমাদের হাসপাতালে এসেছিল শনিবার বিকালে। তিনি ২২ ঘণ্টা আমাদের হাসপাতালে ভর্তি ছিলেন। শক সিনড্রোমে তার মৃত্যু হয়।’ শান্তাদের বাড়ি গাজীপুরে। তিনি ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
ঢামেকে নরসিংদী কলেজছাত্রীর মৃত্যু:
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু জ্বরে দিপালী আকতার (২৩) নামের একজনের মৃত্যু হয়েছে।
রবিবার (৪ আগস্ট) বিকাল ৩টা ১৮ মিনিটে ঢামেকের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু জ্বরে ১২ জনের মৃত্যু হলো।
তার বাড়ি নরসিংদী জেলার মনহরদী উপজেলায়। তিনি পাইজ গ্রামের রিয়াজ উদ্দিনের মেয়ে। চার বোন, দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। বর্তমানে স্বামীর সঙ্গে রামপুরার বনশ্রীতে থাকতেন। দিপালী অনার্সের শিক্ষার্থী ছিলেন। তার স্বামীর নাম মো. কামাল হোসেন।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বলেন, ‘দিপালী ভর্তি হওয়ার সময়ই শকে ছিলেন। তাকে ১ আগস্ট ঢামেকে ভর্তি করা হয়।’
চাঁদপুরে নারী ইউপি সদস্যের মৃত্যু:
চাঁদপুর প্রতিনিধি জানিয়েছেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) লাভলী বেগম (৪০)। শনিবার (৩ আগস্ট) রাতে ঢাকার শমরিতা হাসপাতালে তিনি মারা যান।
লাভলীর স্বামী আবুল বাশার জানান, তারা সম্প্রতি ঢাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। সেখান থেকে চাঁদুপরে ফেরার পর বৃহস্পতিবার (১ আগস্ট) ২টার দিকে তার জ্বর আসে। তাকে প্রথমে মতলব হাসপাতালে নেওয়া হয়। পরে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। তারা শহরের গ্রিন ডায়াগনস্টিক সেন্টারে পাঁচটি পরীক্ষা করতে বলেন। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ার পর তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এখানে তিন দিন চিকিৎসা এবং পরীক্ষা চলে। পরে অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন।
শনিবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে শমরিতা হাসপাতালে ভর্তি করার ২ ঘণ্টা পর আইসিইউতে তিনি মারা যান। মরদেহ মতলবের বাড়িতে নিয়ে আসা হয়েছে। এরপর নাগদা বাজার বালুর মাঠে জানাজা শেষে তাকে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি খাদের গাঁও ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত সদস্য। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে।
মাগুরার গৃহবধূর ঢাকায় মৃত্যু:
মাগুরা প্রতিনিধি জনিয়েছেন, ডেঙ্গু জ্বরে অক্রান্ত মাগুরার জয়া সাহা নামে এক গৃহবধূ ঢাকায় মারা গেছেন। রবিবার (৪ আগস্ট) ভোরে তিনি মারা যান। তার বাড়ি মাগুরা সদর উপজেলার বেরোইল পলিতা ইউনিয়নে।
মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, ‘‘ওই নারীর মৃত্যুর খবর পেয়ে সেখানে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি পাঠানো হয়। তারা আমাকে জানিয়েছেন, ‘ঢাকার অ্যাপোলো হাসপাতালে তিনি মারা গেছেন।’ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর ওই নারীকে মাগুরা হাসপাতালে আনা হয়নি। ’’ জয়া সাহা পুটিয়া গ্রামের চঞ্চল সাহার স্ত্রী।
জয়ার পরিবার জানায়, তার জ্বর হলে শনিবার (৩ আগস্ট) সকালে ফরিদপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোর সাড়ে তিনটার দিকে তার মৃত্যু হয়।
খুলনায় স্কুলছাত্রের মৃত্যু:
খুলনার রূপসা উপজেলার কাজদিয়া সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মঞ্জুর শেখ গত বুধবার জ্বরে আক্রান্ত হয়। জ্বর না কমায় পরদিন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হলেও পরিস্থিতি খারাপ দেখে স্থানীয় বেসরকারি হাসপাতাল গাজী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
জেড





