চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে ৯ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৩ কেজি জাটকা ইলিশ, ২টি নৌকা ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ বুধবার (১৫ মার্চ) ভোরে চাঁদপুর নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুজ্জামান বলেন,গতকাল মঙ্গলবার (১৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা ১ মিনিট পর্যন্ত জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে চাঁদপুর সদরের পদ্মা-মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় চাঁদপুরের পদ্মা-মেঘনায় সদর উপজেলার লক্ষ্মীরচর এলাকায় অভিযানে দুটি নৌকাসহ ৯ জেলেকে আটক করা হয়।
তিনি আরও বলেন, তাদের মধ্যে সাতজনের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। বাকি দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। আটককৃত সবার বাড়ি শরীয়তপুর জেলার বিভিন্ন স্থানে। তারা শরীয়তপুরের জেলে হয়েও চাঁদপুরে মাছ ধরতে এসেছেন। আটককৃত জাটকা ইলিশ স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। তবে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এবিএস





