নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের লেবার ওয়ার্ড থেকে একদিন বয়সী এক শিশুপুত্র চুরি হয়েছে। তবে এখনো এ ঘটনায় দোষী ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার সকাল ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে। এদিকে সন্তান হারানো মা সাথী বেগমের চিৎকারের হাসপাতালের পরিবেশ ক্রমেই ভারী হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার রৌহা ইউনিয়নের তেলিগাতী বড়গাড়া গ্রামের গার্মেন্টস কর্মী উজ্জল মিয়ার স্ত্রী সাথী বেগম (২২) প্রসব ব্যথা নিয়ে গতকাল রোববার রাত ৮টার দিকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন। রাত ৯ টার দিকে তিনি স্বাভাবিকভাবে একটি ছেলে সন্তান জন্ম দেন।

কান্নাজড়িত কণ্ঠে শিশু হারা মা সাথী বেগম বলেন, ‘আজ সোমবার সকাল ১০টার দিকে বোরকা পরিহিত এক মহিলা আমার ছেলেকে তার নানীর কোলে দেয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না।’

হাসপাতালের আর এম ও ডা. নিলোৎপল তালুকদার জানান, শিশু চুরি হওয়ার বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে লিখিতভাবে জানানো হয়েছে। এ ছাড়া তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে।

পুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, ‘চুরি হয়ে যাওয়া শিশুটিকে উদ্ধারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।’

এমকে