সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশে গিয়ে বসায় তানভীর (১৪) নামের স্কুলছাত্রকে রাইফেলের বাট দিয়ে বেধড়ক পিটিয়েছেন পুলিশের এক সহকারী উপ পরিদর্শক (এএসআই)।পরে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার বিকাল ৫ টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত স্কুলছাত্র পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ইবি থানার আব্দালপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বুধবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। এ সময় ওই স্কুলের নবম শ্রেণীর ছাত্র তানভির আহাম্মেদ নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের পাশে গিয়ে বসে।
এতে জোড়াদহ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) তরুন ক্ষিপ্ত হয়ে কয়েকজন পুলিশ সদস্য নিয়ে তানভীরকে বেধড়ক মারপিট করে।
এতে তানভীর প্রতিবাদ করলে সবার সামনেই তাকে রাইফেলের বাট দিয়ে পেটাতে পেটাতে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জোড়াদহ মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নাজমুল হুদা পলাশ জানান, বিনা কারণে পুলিশ ওই ছাত্রকে মারধর করেছে পুলিশ। এর সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন।
হরিনাকুন্ডু থানার অফিসার ইন চার্জ (ওসি) এরশাদুল কবির চৌধুরী বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তদন্ত সাপেক্ষে দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





