পাঠ্যপুস্তক কেলেঙ্কারির সাথে যুক্ত ব্যক্তিবর্গের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষা ক্ষেত্রে ব্যর্থতার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা। আজ (১৪ জানুয়ারি) ২০১৭ সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে এ দাবি জানান তারা।
এ বছর প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যপুস্তকে অসংখ্য ঐচ্ছিক ভুল, দলীয় শ্লোগান ও নানান সাম্প্রদায়িক উপাদান যুক্ত পাঠ্যবই প্রদানের প্রতিবাদ জানিয়ে এ মানববন্ধন করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে ভুল ও অনৈতিক শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে বিপথে চালিত করার সরকারি ষড়যন্ত্রের বিরুদ্ধে হুশিয়ারী জানানো হয় এ মানববন্ধন থেকে।
পাঠ্যবইয়ে সাম্প্রদায়িক বিদ্বেষমূলক উপাদান যুক্ত করে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে খুশি করা ও ভবিষ্যতে একটি সাম্প্রদায়িক জাতিরাষ্ট্র গঠনের সূক্ষ্ণ পায়তারার বিরুদ্ধে বক্তারা কথা বলেন। মানববন্ধনে সংহতি বক্তব্যে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায় বলেন, সরকার অন্যায়ভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে পুরো জাতিকে নিয়ে তামাশা করছে। এ অবস্থা অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান খান রিচার্ড এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জেলার সদস্য সচিব অঞ্জন দাস, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি আরিফ হোসেন নয়ন, সহ-সাধারণ সম্পাদক শুভ দেব, অর্থ সম্পাদক খাদিজা অন্তরাসহ আরও অনেকে।
এমএনজে





