মানিকগঞ্জের ঘিওর উপজেলার ফুলহারা আঞ্চলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কালামকে লাঞ্ছিত করেছে শহিদুল আলম রাজিব নামের এক বখাটে। স্কুলের জমির ওপর দিয়ে বাড়িতে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয়াল নির্মাণ করায় রাজিব এই ঘটনা ঘটিয়েছে বলে শিক্ষকরা অভিযোগ করেছেন।
বুধবার সকাল ১০ টার দিকে স্কুল চলাকালীন সময় এ ঘটনাটি ঘটে। বখাটে রাজিব ফুলহারা গ্রামের মৃত ইমাম হোসেনের ছেলে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পী আক্তার জানান, স্কুলের দুটি ভবনের মধ্যবর্তী জমির ওপর দিয়ে রাজিবরা তাদের বাড়িতে আসা যাওয়া করত। কিছুদিন আগে স্কুলের নিরাপত্তার জন্য দুই ভবনের মাঝে একটি ২০ ফিট লম্বা ইটের দেয়াল নির্মাণ করা হয়।
গত ১৫ আগস্ট রাজিব ঐ দেয়ালের একাংশ ভেঙ্গে তার বাড়িতে যাওয়া রাস্তা বের করে নেয়। এ ব্যাপারে ঘিওর থানায় স্কুলের পক্ষ থেকে একটি অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।
বুধবার স্কুল চলাকালীন রাজিব তার মোটরসাইকেল নিয়ে ঐ রাস্তা দিয়ে বাড়িতে ঢোকে। ঢোকার সময় সে স্কুলের বারান্দায় রাখা শিক্ষার্থীদের বাইসাইকেল ফেলে দেয়।
এ ঘটনাটি প্রধান শিক্ষক তার মোবাইল ফোনে ভিডিও করে রাখেন। ভিডিও করার বিষয়টি জানতে পেরে রাজিব ও তাদের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষককে অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় সহকারী শিক্ষক আবুল কালাম এগিয়ে আসলে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করা হয়।
এ বিষয়ে ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আইরীন জানান, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলম জানান, দেয়াল ভাঙ্গার বিষয়ে বিদ্যালয়ের পক্ষ থেকে করা মামলাটি তদন্তনাধীন রয়েছে। তবে, শিক্ষক লাঞ্ছনার ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় লোকজন জানান, রাজিব বখাটে এবং সন্ত্রাসী প্রকৃতির। তার বিরুদ্ধে এ ধরনের অনেক অভিযোগ আছে। তবে তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এমকে





