ইবোলা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিশেষ মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।
বুধবার সকাল থেকেই এ ক্যাম্পে ভারত থেকে আসা যাত্রীদের শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি শনাক্তকরণে কাজ শুরু করেছে।
এদিকে, ইবোলা ভাইরাস প্রতিরোধে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় ছয় সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
গঠিত মেডিকেল টিমে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট কাজী আরিফ আহমেদকে প্রধান করা হয়েছে। এছাড়াও এ টিমে সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমও ডা. মারুফ হাসান, মেডিকেল অফিসার ডা. সুশান্ত সরকার এবং একজন স্বাস্থ্য পরিদর্শকসহ দুইজন স্বাস্থ্য সহকারী রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরার সিভিল সার্জন ডা. সালেহ আহমেদ বলেন, মেডিকেল টিমের সদস্যরা বুধবার সকাল থেকেই কাজ শুরু করবে।
এর মধ্যে সকাল থেকে একজন স্বাস্থ্য পরিদর্শকসহ দুইজন স্বাস্থ্য সহকারী জেলার একমাত্র স্থলবন্দর ভোমরায় বিশেষ ক্যাম্পে ভারত থেকে আগতদের শরীরে ইবোলা ভাইরাস আছে কি না তার শনাক্তকরণে কাজ শুরু করেছে।
যদি কারো শরীরে ইবোলা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়, তবে সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট কাজী আরিফ আহমেদের নেতৃত্বে তাদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





