ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা পুলিশের হেফাজত থেকে ছুট্টু মিয়া (৩২) নামে ডাকাতি মামলায় গ্রেফতারকৃত এক আসামি পালিয়ে গেছেন।
শনিবার বিকাল তিনটার দিকে আদালতে নেয়ার পথে কুমিল্লা-সিলেট মহাসড়কের কসবা উপজেলার মনকশাইর এলাকা থেকে হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে যান তিনি। ছুট্টু মিয়া উপজেলার দশদোনাবাড়ি গ্রামের বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকালে তিন কনস্টেবল তাকে সিএনজি চালিত অটোরিকশায় করে আদালতে নিয়ে যাচ্ছিল। পথে কসবার মনকাশাইর এলাকা অতিক্রমের সময় ছুট্টু মিয়া বাথরুমে যাওয়ার কথা বলে অটোরিকশা থেকে নেমে পালিয়ে যান।
এ ঘটনায় কনস্টেবলদের অবহেলা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
বাঞ্ছারামপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) অংশু কুমার দেব বলেন, শুক্রবার রাতে ডাকাতির প্রস্তুতিকালে আটক হন ছুট্টু মিয়া। পরে এ ব্যাপারে মামলা হয়। ওই মামলায় রাতেই তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
কেএইচ





