সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে মৌসুমি বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী অটোরিক্সা চালক সাদ্দাম হোসেন পলাতক রয়েছে।
গতকাল সোমবার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া দূর্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে।
মৌসুমি বেগম নওগাঁ জেলার মান্দা থানার বইলশিং গ্রামের ফজলুর রহমানের মেয়ে। আশুলিয়ার দূর্গাপুর এলাকার স্বামীর সাথে তিনি ভাড়া থেকে স্থানীয় সাউদার্ন পোশাক কারখানায় কাজ করতেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত কয়েক দিন ধরে ওই দম্পতির মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি ও ঝগড়া বিবাদ চলে আসছিল।
এরই সূত্র ধরে গতকাল গভীর রাতে ওই গৃহবধূ তার মায়ের সাথে স্থানীয় একটি বাজারে যাওয়ার পথে স্বামী সাদ্দাম হোসেন পিছন থেকে তাকে ছুরিকাঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ও ঘাতক স্বামীকে আটক করতে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এমবি





