ময়মনসিংহে বৃহস্পতিবার দিবাগত রাতে বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বন্ধ রয়েছে ময়মনসিংহ-ঢাকা রুটে ট্রেন চলাচল।

ফলে ময়মনসিংহসহ বিভিন্ন স্টেশনে চারটি ট্রেন আটকা রয়েছে। ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, ঢাকা-ময়মনসিংহ রেল রুটের ফাতেমা নগর রেলস্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে কমিউটার ট্রেনের পাওয়ার কারের বগি লাইনচ্যুত হয়। একই সঙ্গে আরও দুটি বগিও লাইনচ্যুত হয়। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জহুরুল ইসলাম জানান, উদ্ধার প্রক্রিয়া রাতেই শুরু হয়। যা এখনও চলছে।

তিনি আরো জানান, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ভাওয়াল এক্সপ্রেস ও ঢাকাগামী ৪৪নং মহুয়া কমিউটার ট্রেন আটকা আছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে।

এছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস স্থানীয় ধলা রেলস্টেশনে ও মশাখালী স্টেশনে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন আটকা আছে।

জেড