বৈরী আবহাওয়া, একটি ফেরি বিকল থাকা এবং যানবাহনের চাপ বৃদ্ধির ফলে দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাটে বৃহস্পতিবার দুপুর থেকেই পারাপারের অপেক্ষায় প্রায় ৫ শতাধিক যানবাহন আটকা পড়েছে।
বরিশাল, যশোর, কুষ্টিয়া ও ফরিদপুর জেলার ঢাকাগামী বাস ও ট্রাকগুলো ঘণ্টার ঘণ্টা পারাপারের অপেক্ষায় রয়েছে। এ সময় আটকে পড়া যানবাহনের যাত্রী ও সংশ্লিষ্টরা দুর্ভোগে পড়েন।
বিআইডব্লিউটিসি অফিস ও বিভিন্ন সূত্রে জানা যায়, ঝড়ো বাতাসের কারণে রুটে চলাচলকারী ফেরিগুলো বিশেষ সাবধানতা অবলম্বন করায় প্রতি ট্রিপে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ব্যয় হচ্ছে। পাশাপশি রুটের রো-রো ফেরি শাহ আলী যান্ত্রিক ত্রুটিতে বিকল থাকায় পাটুরিয়া ভাসমান কারখানায় মেরামতে রয়েছে।
রুটে বর্তমানে ৪টি রোরো, ৩টি কেটাই ও ৫টি ইউটিলিটি ফেরি চালু থাকলেও যানবাহনের পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক পারাপার ব্যাহত হচ্ছে। ফলে যানবাহন আটকা পড়ছে। দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় ৩ কিলোমিটারজুড়ে সিরিয়ালে আটকে আছে অন্তত ৫ শতাধিক বিভিন্ন যানবাহন।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া অফিসে কর্মরত মো. আসাদ জানান, আবহাওয়া ভালো থাকলে রাত ৯/১০টার মধ্যে আটকে পড়া যানবাহনগুলো নদী পার করা সম্ভব হবে।
কেএইচ





