রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে অজ্ঞাত এক তরুণীকে (১৮) অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়লো এক দম্পতি।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে অজ্ঞাত ওই নারীর লাশ নিয়ে আসা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।

ঢামেক ক্যাম্প পুলিশের এএসআই সেন্টু চন্দ্র দাস জানান, আজ সকাল পৌনে ১০টার দিকে শাহানাজ বেগম ও ফারুক নামে এক দম্পতি অজ্ঞাত এক তরুনীকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, কামরাঙ্গীরচর থানাধীন টেকেরহাট ওয়াজ উদ্দিন স্কুলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই তরুণীকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আাসেন তারা। হাসপাতালে নেওয়ার সময় তরুণীর মুখে ফেনা ছিল।

সেন্টু চন্দ্র আরো জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রিপোর্ট করার পর আটককৃতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট অনুযায়ী তারা দোষী না হলে ছেড়ে দেওয়া হবে। আর লাশ বর্তমানে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে রাখা হয়েছে।

এসএইচ