গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. গাওসুল আজম ডলার (৫০) কারাবন্দি অবস্থায় মারা গেছেন।
আজ শনিবার সকালে কারাগার থেকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের ভাষ্য, প্রায় এক মাস আগে নাশকতার মামলায় বিএনপির নেতা গাউসুল আজমকে গ্রেপ্তার করা হয়। তিনি ভ্রাম্যমাণ আদালতের সাজাপ্রাপ্ত।
গাইবান্ধা জেলা কারাগারে আজ সকাল সাড়ে সাতটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়ার পরে তিনি মারা যান।
কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে ওসি বলেন, গাউসুল আজম হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। গাওসুল আজম গাইবান্ধা শহরের পশ্চিমপাড়ার আফতাব খন্দকারের ছেলে।
পুলিশ সুপার মাসুদার রহমান জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ বোধ করেন বিএনপি নেতা গাওসুল আজম। দ্রুত তাঁকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৮টার দিকে তাঁর মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে গাওসুল আজমের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি।
পুলিশ সুপার জানান, কিছু আইনি প্রক্রিয়ার পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমবি





