সাভারে একটি সমবায় সমিতির অনুষ্ঠানে দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার এক পর্যায়ে এমপিকে ধাওয়া করেছে স্থানীয়রা। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে আশুলিয়ার ধলপুর এলাকার ধলপুর বহমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সিপন, রফিক ও মামুনসহ একাধিক স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ধলপুর এলাকার বহুমুখী সমবায় সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সাভারের স্থানীয় সাংসদ সদস্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এদিকে সমবায় সমিতির অনুষ্ঠানে এলাকার কোনো ব্যাক্তিকে দাওয়াত না দেয়ায় তারা বিক্ষুব্ধ হয়ে উঠেন।

এক পর্যায়ে ওই এলাকার জাতীয় পার্টির নেতা আবুল হাসনতসহ কয়েকজন স্থানীয় ব্যক্তি অনুষ্ঠানস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ সময় স্থানীয়রা সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমানকে ধাওয়া দিলে তিনি অনুষ্ঠানস্থল থেকে দৌড়ে সমিতির কার্যালয়ের ভেতরে প্রবেশ করেন। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভারের সংসদ সদস্য ডা. এনামুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

অনুষ্ঠানস্থলে থাকা আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হেলাল মাতবর দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করেছেন। তবে এমপির দৌড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি তিনি এড়িয়ে যান।

আশুলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ