চুয়াডাঙ্গায় বন্ধুদের সঙ্গে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাহিম আহম্মেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা মসজিদপাড়ায় এই ঘটনা ঘটে।

ফাহিম চুয়াডাঙ্গা পৌরসভার মসজিদপাড়ার টুটুল হকের ছেলে ও চুয়াডাঙ্গা ভিজে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, মসজিদপাড়ার জামে মসজিদের পাশেই ফাঁকা স্থানে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে ফাহিমসহ তার কয়েকজন বন্ধু ব্যাডমিন্টন খেলছিল। খেলা শেষে রাত ১১টার দিকে ফাহিম বৈদ্যুতিক লাইন বিচ্ছিন্ন করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার বন্ধুরা চিৎকার করলে এলাকাবাসী তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, শীতের আগমনে শহরের বিভিন্ন স্থানে অনেকেই বিদ্যুৎ লাইন থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলছে। ফলে বিদ্যুতের ব্যবহার বুঝে না বুঝে অনেকেই অঘটনের শিকার হচ্ছেন। বিষয়টি বিদ্যুৎ বিভাগ জেনেও না জানার ভান করে থাকে বলে সচেতন মহলের অভিযোগ।

গত ৫ নভেম্বর আলমডাঙ্গার হাউসপুরে একইভাবে বিদ্যুৎ-সংযোগ নিয়ে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ওই গ্রামের জিকুর ছেলে এসএসসি পরীক্ষার্থী নাঈম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

কেএইচ