নাটোরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক পশু চিকিৎসক ও তার মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় মা ও তার শিশু ছেলে গুরুতরভাবে আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে শহরতলীর রামপুরা থেকে ফুল মিঞা তার মোটর সাইকেল যোগে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে শহরের বাইপাস সড়কে তাদের বড় মেয়ের শ্বশুরবাড়ীতে যাচ্ছিলেন। কান্দিভিটা এলাকায় রাস্তা অতিক্রম করার সময় রাজশাহী থেকে পাবনাগামী একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মেয়ে মুর্শিদার মৃত্যু হয়। চান মিঞাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গুরুত্বর আহত নিহতের ৩ বছর বয়সী ছেলে তামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্ত্রী ফেরদৌস আরা বেগমকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তামিমের অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

নিহত পশু চিকিৎসক ফুল মিঞা (৪২) নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের চান মিঞার ছেলে এবং তার কন্যা নিহত মুর্শিদা (১১) চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে।

নাটোর থানার ওসি সিকদার মশিউর রহমান জানিয়েছেন, বাসটি আটক করা হয়েছে।

এমবি