সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় ছোট ভাই সোহাগ হোসেনকে (১৬) ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই শাকিল হোসেন (১৮)।

বুধবার (১৫ জুন) রাত সোয়া ১২টার দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাত ২টার দিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সোহাগ।

এ ঘটনার পর পরই শাকিল হোসেনকে আটক করেছে পুলিশ।

নিহত সোহাগ ও আটক বড় ভাই শাকিল ঝিকিড়া পশ্চিমপাড়া গ্রামের দুলাল হোসেনের ছেলে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউশিক আহম্মেদ বলেন, সোহাগ ও শাকিল দু ভাই মাদকাসক্ত ছিলেন। অতিরিক্ত মাদক সেবনের কারণে ক’দিন আগে শাকিলকে শিকল দিয়ে বেঁধে রাখে তার পরিবারের সদস্যরা। দু-তিনদিন পর শিকল খুলে দেওয়ার পর থেকে আবারও নেশায় আসক্ত হয় সে।

বুধবার রাতে দুই ভাই এক ঘরে শুয়েছিল। রাত সোয়া ১২টার দিকে দু’ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে শাকিল বটি দিয়ে সোহাগের গলায় কোপ দেয়। এতে সে গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সোহাগকে উদ্ধারের পর সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মারা যায় সে। ঘটনার পর পরই শাকিলকে আটক করে পুলিশ। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এমই