করোনা মহামারীতে ‘মানবেতর জীবনযাপন’ করছেন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অর্থ সহায়তা চেয়েছেন যশোর উপশহর মহিলা কলেজের এক শিক্ষক। ওই শিক্ষকের নাম শরিফুল ইসলাম। তিনি ইতিহাস বিভাগের প্রভাষক।

চক্ষুলজ্জার কারণে এতদিন কারও কাছে সহায়তার হাত না পাতলেও এবার নিরুপায় হয়েই আর্থিক সহায়তা চেয়েছেন তিনি।

স্ট্যাটাসে শরিফুল ইসলাম লিখেছেন— ‘আমি শরিফুল ইসলাম। প্রভাষক উপশহর মহিলা কলেজ যশোর। আমি একজন নন-এমপিও অনার্স শিক্ষক। বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের কারণে কলেজ থেকে যে সামান্য বেতন পেতাম, তা দীর্ঘদিন ধরে পাচ্ছি না। তাই পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাকে কিছু নগদ অর্থ বা খাদ্য দিয়ে সহযোগিতা করলে উপকৃত হব। আমার বিকাশ নম্বর ০১৭২৪-৯০৬৮২০।’

শরিফুলের স্ট্যাটাসটি নজরে আসায় যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামান তাৎক্ষণিক তাকে নগদ টাকা ও খাদ্যসামগ্রী পাঠিয়েছেন।

এ ছাড়া তাকে প্রধানমন্ত্রী ত্রাণ উপহার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন সায়েমুজ্জামান। তথ্যসূত্র:যুগান্তর।

এবিএস