কালবৈশাখী ঝড় আঘাতে শনিবার সন্ধ্যায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর, শিমুলকান্দি, শ্রীনগর ও সাদিকপুর ইউনিয়নের কয়েকশ' ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে।
সাদিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জানান, ওই এলাকার মসজিদ, মাদ্রাসাসহ ২৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ বলেন, লুন্দিয়া মাধ্যমিক বিদ্যালয়, আয়েশা সিদ্দিকী মহিলা মাদ্রাসা এবং লুন্দিয়া উত্তরপাড়া মসজিদসহ তার এলাকায় ১০০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশঙ্কা করছেন। লুন্দিয়া গ্রামের ঘটনাস্থল পরিদর্শন করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। তার ভাষ্য, তিনি ক্ষতিগ্রস্ত ২৫টি ঘরবাড়ি দেখেছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ আগানগর ইউনিয়নেই এক কোটি টাকা হবে।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের ভাষ্য, তাঁদের ইউনিয়নের প্রায় ১৫০ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার বলেন, ঘটনাস্থলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। মাঠপর্যায়ে কাজ চলছে। ঝড়ে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
ভৈরব থানার ওসি বদরুল আলম তালুকদার জানিয়েছেন তারা ঘটনাস্থলে যাচ্ছেন।
এআর





