রোজা রেখে প্রশিক্ষণে অংশ নেওয়ার কারণেই রাজশাহী রিজার্ভ ফোর্স পুলিশের (আরআরএফ) ১১ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন বলে নিশ্চিত হওয়া গেছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই) এ বিষয়টি নিশ্চিত হওয়ায় দুই প্রশিক্ষক উপ-পরিদর্শক (স্বশস্ত্র) মোর্সেদ আলম ও সহকারী উপ-পরিদর্শক (স্বশস্ত্র) সেতাউর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি পাওয়া দুই প্রশিক্ষক হলেন- আরআরএফ’র উপ-পরিদর্শক (স্বশস্ত্র) মোর্সেদ আলম ও সহকারী উপ-পরিদর্শক (স্বশস্ত্র) সেতাউর রহমান।
বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী রিজার্ভ পুলিশ ফোর্সের সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুন্নাহার।
এদিকে, তাদের অসুস্থ হওয়ার বিষয়টি আরও অধিকতর তদন্ত করার জন্য রাজশাহীর সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলামকে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আরআরএফ’র সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুন্নাহার জানান, বুধবার (০৮ জুলাই) ইফতারের আগে বিকেলে দ্বিতীয় সেশনে গরমের মধ্যে প্রশিক্ষণ করার কারণেই ১১ পুলিশ সদস্য অসুস্থ হয়ে পড়েন। তবে ওই মুহূর্তে ইফতারের কার্যক্রম চলছিল। পরে ইফতার শেষে তাদের রামেক হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা শেষে সবাই সুস্থ হয়ে রাতেই সবাই বাড়ি ফিরেন। বৃহস্পতিবার সকালে তারা সকলেই প্রশিক্ষণে অংশ নিতে পেরেছেন বলেও জানান তিনি।
বুধবার ইফতারের পর আরআরএফ’র ১১ পুলিশ সদস্যকে পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে রাত ৮টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতলে পাঠানো হয়। তারা হলেন- আরআরএফ পুলিশ কনস্টেবল হারুন অর রশিদ (২১), মোহাম্মদ রাফিউল্লাহ (২০), জয় মাহামুদ (২০), মেহেদী হাসান (২২), আজম হোসেন (২০), আমিরুল ইসলাম (২০), জাহাঙ্গীর হোসেন (২০), মো. শহীদুল্লাহ (২০), সেলিম (২০), ফিরোজ (২০) ও সাইফুল ইসলাম (২০)।
ইআর





