রংপুর মহানগরীর কেল্লাবন্দ সরদার পাড়া এলাকায় পুরোনো ভবন ভাঙ্গার সময় ইটের নীচ থেকে একটি শক্তিশালী বোমা বিষ্ফোরণ হয়েছে। এতে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছে।
আজ দুপুর ১২টার দিকে শহরের সিও বাজারসংলগ্ন বিসিক রোডে এ ঘটনা ঘটে।
আহত নির্মাণশ্রমিক আমিনুল ইসলামকে (৪০) গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এবিএম জাহিদুল ইসলাম জানান, গত ১৩ মাস আগে নগরীর ওই এলাকার ওসমান গণির আধাপাকা বাড়িটি ক্রয় করেন সেকেন্দার আলী নামের এক হোটেল ব্যবসায়ী। তিনি সিও বাজার এলাকায় হোটেল ব্যবসা করেন।
গত এক সপ্তাহ থেকে পুরোনো ইটের বাড়িটি ভাঙ্গার কাজ করছিলেন নির্মাণ শ্রমিকরা। বুধবার দুপুরে নির্মাণ শ্রমিকরা দক্ষিণ পাশের ওয়ালের মাটি খুড়ে ইট বের করার সময় একটি শক্তিশালী প্লাস্টিকের কৌটায় থাকা বোমা বিষ্ফোরিত হয়।
ওসি জানান, সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে। তারা আসার পর পরীক্ষা নিরীক্ষা করে বলতে পারবেন বোমাটির ধরণ কি। পুলিশের ধারণা সেখানে আরও বোমা থাকতে পারে।
এমবি





