টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

জামুর্কী নামক স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের কারণে যানজটের সৃষ্টি হয় বলে জানা যায়।

গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে এ দুর্ঘটনার পর মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

আজ সোমবার ভোর পৌনে ছয়টার দিকে পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সরিয়ে নিলে যান চলাচল শুরু হয়। তবে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গতকাল রাত দুইটার দিকে মহাসড়কের জামুর্কীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার এলাকায় যানজট ছড়িয়ে পড়ে।

আজ ভোরে রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটিকে সরিয়ে নিলে যানবাহন চলাচল শুরু হয়। তবে এখনো ধীরে ধীরে গাড়ি চলাচল করছে।

ঢাকা, ২৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ