পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
বরখাস্তকৃত দুই পুলিশ কর্মকর্তা হলেন- রাজশাহী র্যাব-৫ ব্যাটালিয়নে কর্মরত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক (বিপি-৭৮০৮১২১৫৯৪) এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো: নাজমুল হাসান (বিপি-৯১১৬১৭৮৩০৯)।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯ (১) ধারার বিধান মোতাবেক আচরণবিধি লঙ্ঘন করায় পুলিশের দুই কর্মকর্তাকে বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপ্ত্তা বিভাগ পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ জারি করা হয়।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু এস এম ফজলুল হককে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন...তাই তাকে সরকারি কর্মচারী আইন, ২০১৮(২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক আজ ২৫ মে থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি পুলিশ অধিদপ্তরে সংযুক্ত থাকবেন।
পৃথক প্রজ্ঞাপনে একইভাবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মো: নাজমুল হাসানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এমবি





