জেলার সদর উপজেলায় একটি কালভার্ট ভেঙে যাওয়ায় এ্যাম্বুলেন্স খাদে পড়ে চালক নিহত হয়েছেন।
উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন এলাকায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আবেদ আলী (৫০)। তিনি রহনপুর পৌরসভার স্টেশন হঠাৎপাড়ার মৃত আব্দুল ওহাবের ছেলে। তিনি গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান জানান, সোমবার রাতে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিলেন আবেদ।
রাতে প্রচণ্ড বৃষ্টিতে সরজন এলাকার কালভার্টটি ভেঙে যায়। সকালে ফেরার পথে আবেদ বিষয়টি বুঝতে না পারায় এ্যাম্বুলেন্স নিয়ে খাদে পড়ে যান।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়া এ্যাম্বুলেন্স থেকে চালক আবেদের লাশ উদ্ধার করেন। ময়নাতদন্তের জন্য লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
এদিকে কালভার্ট ভেঙে যাওয়ায় চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুর রুটে যান চলাচল বন্ধ রয়েছে।
এমকে





