আওয়ামী লীগ আরেকটি ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দল কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, গণতন্ত্রকে কবরস্থ করার যে নির্বাচন, সেটা এ সরকার, এ প্রধানমন্ত্রীর নেতৃত্বে হয়েছে ২০১৪ সালের ৫ জানুয়ারি। জনতার মঞ্চের ছাত্রলীগের সাবেক ক্যাডারকে সিইসি করে আবারো আরেকটি ৫ জানুয়ারির প্রেক্ষাপট তৈরিতে ব্যস্ত আওয়ামী লীগ।
তিনি আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগরীর স্টেশন রোডস্থ এশিয়ান এস আর হোটেলের হলরুমে অনুষ্ঠিত জাতীয়তাবাদী কৃষকদল চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন্তব্য করেন।
বিএনপির এ নেতা বলেন, ‘পাশ্ববর্তী একটি দেশকে খুশি করতেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করে সুন্দরবনকে ধ্বংস করার পরিকল্পনা করা হচ্ছে।
কৃষকদল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এম এ হালিম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শামসুজ্জামান দুদু আরো বলেন, ‘দেশে এখন গভীর সংকটময় অবস্থা বিরাজ করছে। লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র আজ বাকশাল ও স্বৈরাচারের কাছে বন্দি। দেশে মানুষের বাক স্বাধীনতা নেই। নেই বিএনপিসহ ভিন্নমতের রাজনৈতিক দলের সভা সমাবেশের অনুমতি। বিএনপি কোন সমাবেশ করতে চাইলে পুলিশ ও সরকার তার অনুমতি দেয় না। কিন্তু আওয়ামী লীগ কোন সমাবেশ করলে দুই চারদিন আগে থেকে রাস্তাঘাট বন্ধ করে দেয়া হয়। স্কুল কলেজের শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে দেয়া হয়।
ওবায়দুল কাদের সাহেব সব সময় মিডিয়া কাভারেজের জন্য বালকসুলভ কথাবার্তা বলেন উল্লেখ্য করে দুদু বলেন- ওনি কখন যে বড় হবেন কে জানে। আদো হতে পারবেন কিনা সন্দেহ আছে। পুলিশকে একটু পুলিশের মত রাখেন না, তারপর মাঠে নামেন দেখি, আমরাও নামব। আপনি পুলিশ-র্যাব নিয়ে চলবেন, মাঝে মাঝে মিলিটারিও সাথে রাখবেন, বিএনপিকে আক্রমণের মুখে রেখে শক্ত করে দাঁড়াতেও বলবেন। এগুলো বালকসুলভ আচরণ ও কথা। আপনার বয়স আর কত বাড়লে আপনি বুদ্ধিজ্ঞান সম্পন্ন হবেন। আপনি আর কত বড় হলে কান্ডজ্ঞান সম্পন্ন হবেন। আপনার বয়স তো পয়ষট্টি বা সত্তরের কাছাকাছি বোধহয়। এত বুদ্ধিহীনভাবে কথা বলেন কেন? আসেন না একদিন খোলা মাঠে মিটিং করি, চট্টগ্রামে আসেন। আপনি প্রথম দিন মিটিং করেন। আমরা পরের দিন করব। যদি আপনি আমাদের থেকে অর্ধেক লোক দেখাতে পারেন তারপরও আপনাকে আমরা সফল বলব। আমাদের যে জনসমর্থন আপনি তো মিটিংই করতে দেন না।
উত্তর জেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি অধ্যাপক আতিকুল ইসলাম লতিফীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় সহ সভাপতি এম এ তাহের।
জারিফ





