রাজধানীর মিরপুর ও বাড্ডায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছে।

আজ (২৫ জুলাই) বৃহস্পতিবার সকালে র‍্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল (২৪ জুলাই) বুধবার দিবাগত গভীর রাতে বাড্ডার সাঁতারকুলে ‘বন্দুকযুদ্ধে’মহারাজ (৪০) নামে এক ব্যক্তি এবং মিরপুরের বেড়িবাঁধ এলাকায় ভোররাত ৪টার দিকে নাজমুল হাসান ওরফে ব্যঙ্গা বাবু (৩৮) নামে আরেক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাবের দাবি, নিহত মহারাজ শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’এবং বাবু ‘শীর্ষ সন্ত্রাসী’।

র‍্যাব-১’র সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বাড্ডার সাঁতারকুলের পাঁচখোলা এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ঘটনাস্থলে গেলে তাঁরা আমাদের দিকে গুলি ছুড়ে। পরে পাল্টা গুলি করলে কয়েকজন পালিয়ে যায়। একজন গুলিবিদ্ধ হন।

এএসপি কামরুজ্জামান আরও বলেন,“পরে তাঁকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে তিন হাজার ইয়াবা, একটি শটগান, একটি শুটারগান, কিছু ম্যাগাজিন ও একটি মোবাইল উদ্ধার করা হয়েছে।

অপরদিকে র‍্যাব-৪ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) সাজেদুল ইসলাম জানান, রাতে খবর পাই, শাহআলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ এলাকায় কয়েকজন শীর্ষ সন্ত্রাসী অবস্থান করছে। র‍্যাবের টহল দল সেখানে গেলে তাঁরা গুলি করে। র‍্যাবও পাল্টা গুলি করে।এতে একজন গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

সেখান থেকে কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও দাবি করেন র‍্যাবের এই কর্মকর্তা।

এমবি