শিমুলিয়া (মাওয়া)-কাওড়াকান্দি নৌরুটে ফেরির সাথে সিবোটের সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে।
ঘন কুয়াশার কারণে রোববার সকাল সোয়া ৯টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালবাড়ি ঘাট থেকে ছেড়ে আসা শিমুলিয়াগামী একটি সিবোট নৌরুটের হাজরা টার্নিংয়ে ঢোকার মুখে নোঙরে থাকা একটি ফেরিকে ধাক্কা দিয়ে দুমড়ে মুচড়ে যায়।
এ ঘটনায় সিবোটে থাকা ১৫ যাত্রীর সবাই আহত হয়। এসময় কয়েকটি ট্রলার এসে সিবোট যাত্রীদের উদ্ধার করে শিমুলিয়া ও কাঠালবাড়ি ঘাটে নিয়ে যায়।
সিবোটটি যখন দুর্ঘটনার শিকার হয় তখন নৌপথ ঘন কুয়াশায় ঢাকা ছিল। আর ফেরিটি এই কারণে নোঙরে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌপুলিশ ফাড়ির আইসি এসআই মো. ইউনুছ জানান যাত্রীদের কেউ নিঁখোজ নেই। সবাইকে ঘাটে নিয়ে আসা হয়েছে।
এআর





