নড়াইলের মালিবাগ মোড়ে বিকাশকর্মীর কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাই হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নড়াইল বিকাশ অফিস সূত্রে জানা গেছে, বিকাশকর্মী জিকোসহ তার দুই সহকর্মী অফিসের কাজে মোটরসাইকেলে করে নড়াইল থেকে লোহাগড়া উপজেলায় যাওয়ার পথিমধ্যে নড়াইল-যশোর সড়কের মালিবাগ মোড়ে পৌঁছালে আরেকটি মোটরসাইকেল এসে তাদের মোটরসাইকেলের গতিরোধ করে।

এসময় বিকাশকর্মী জিকোসহ তার দুই সহকর্মীকে মোটরসাইকেল থেকে ধাক্কা মেরে ফেলে দেয় ছিনতাইকারীরা। এরপর ধারালো অস্ত্র দিয়ে জিকোকে কুপিয়ে ব্যাগে থাকা ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।
জিকো নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সে নড়াইল শহরের মহিষখোলার মোশাররফ হোসেনের ছেলে। অন্য দুই বিকাশকর্মী সুস্থ আছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের কাজে মোটরসাইকেলটি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই