সিরাজগঞ্জের সীমান্তবাজারের একটি গুদামে অভিযান চালিয়ে ৬২ বস্তা ভিজিএফ ও ভিজিডির চাল উদ্ধার করেছে কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার। অভিযোগ রয়েছে গান্ধাইল ইউনিয়নের চেয়ারম্যান এ চাল কালোবাজারে বিক্রি করেছেন। এ ঘটনায় গুদামের দুই মালিককে আটক ও গুদাম দু'টি সিলগালা করা হয়।

জানা গেছে, গান্ধাইল ইউনিয়ন পরিষদে ভিজিএফ ও ভিজিডি চাল বিতরনের দিন ছিল রোববার। সেই মোতাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক বরাদ্দকৃত চাল গোডাউন থেকে উত্তোলন করেন। সেখান থেকে কিছু চাল কালোবাজারে বিক্রি করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশের উপস্থিতিতে সীমান্তবাজারের আব্দুস সালাম ও কামরুজ্জামানের গুদাম তল্লাশি করেন কাজীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলাম।

তল্লাশিকালে সরকারি সিলযুক্ত ৩৫ বস্তা ভিজিডি ও ২৭ বস্তা ভিজিএফ চাল এবং কৃষকদের সাহায্যের জন্য সরকারিভাবে বিতরনকৃত সার ও বীজ উদ্ধার করা হয়। এ সময় গুদাম মালিকদের আটক ও গুদাম দু'টি সিলগালা করে দেয়া হয়।

তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাফিউল ইসলাম।

তবে এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল বারেকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত ফোনটি বন্ধ পাওয়া গেছে।

কেএইচ