খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের(পিসিপি) আধাবেলা সড়ক অবরোধ চলাকালে দুটি সংবাদপত্রবাহী গাড়িসহ ছয়টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
আজ (মঙ্গলবার) সকাল ৫টার দিকে গুইমারা বাইল্যাছড়ি ও আলুটিলা এলাকায় এ ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় অন্তত সাত জন আহত হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রশাসনের বাধা দেয়ার অভিযোগে এ সড়ক অবরোধের ডাক দেয় সংগঠনটি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগড়াছড়িতে পত্রিকা সরবরাহ করে ফেরার পথে সকাল সাড়ে ৫টার দিকে সংবাদপত্রবাহী গাড়িটি গুইমারা বাইল্যাছড়ি পৌছলে পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা পাহাড়ের উপর থেকে এলোপাথারি ঢিল ছুড়লে বেলায়তে হোসেন নামে এক রোগি আহত হয়।
একই সময় আলুটিলায় এলাকায় একটি সংবাদপত্রবাহী গাড়ি ও চারটি নৈশকোচ ভাঙচুর করে পিকেটাররা। এ সময় আরো ছয় যাত্রী আহত হয়।
অবরোধের পক্ষে জেলার চেঙ্গীব্রীজ, স্বনির্ভরসহ বিভিন্ন এলাকায় চোরাগোপ্তাভাবে পিকেটিং করেছে পাহাড়ি ছাত্র পরিষদ কর্মীরা।
সকাল সোয়া ৬টার দিকে শহরের দক্ষিণ খবংপুড়িয়া এলাকায় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
অবরোধের কারণে অভ্যন্তরীণ ও দূরপাল্লার সড়কে সব ধরনের যাবাহন চলাচল বন্ধ রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
খাগড়াছড়ি সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ও রামগড় সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ জানান, পুলিশ সর্তক অবস্থায় রয়েছে।
খাগড়াছড়ি জেলা শাখা দপ্তর সম্পাদক রুপেশ চাকমা সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযোগ করেন, প্রশাসনের বাধার কারণে গত ২০মে জেলার দীঘিনালা উপজেলার আমতলী বানছড়া হাইস্কুল মাঠে আয়োজিত পিসিপি’র নির্ধারিত ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পালন করা সম্ভব হয়নি।
এসএম





