রাজধানীর ধোলাইখাল এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। রাজধানী কদমতলীর আলমবাগ এলাকার এ বাসিন্দা ক্রোকারিজের ব্যবসা করেন বলে জানা গেছে। তার নাম মো. সুমন (৩০)।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে এঘটনা ঘটে বলে জানিয়েছে কদমতলি থানার দ্বায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক প্রদীপ কুমার।
তিনি বলেন, স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন।
তিনি বলেন, ব্যবসায়ীক প্রয়োজনে রোববার সকালে ব্রাক ব্যাংকের ধোলাইপাড় শাখা থেকে সে ৫ লাখ টাকা তুলে যাওয়ার পথে তিনজন ছিনতাইকারী মোটরসাইকেলে চড়ে এসে তার পথরোধ করে দাঁড়ান। ছিনতাইকারীরা তার সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিতে চাইলে তিনি বাধা দেন।
এ সময় ছিনতাইকারীদের একজন তার ডান পায়ে দুই রাউন্ড গুলি করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
সুমনকে গুলিবিদ্ধ ওই ব্যবসায়ী জরুরী বিভাগে চিকিৎসাধীন আছেন।
এমআর/এআই





