আবারো দেশের মুখ উজ্জ্বল করলেন এক বাংলাদেশী বংশোদ্ভূত কিশোরী। নাম প্রিয়াঙ্কা ইউসিকা ঘোষ। এ বছর মিস জাপান-১৬ নির্বাচিত হয়েছেন। তাকে নিয়ে চলছে তুমুল আলোচনা।
এই কিশোরীর পূর্বপুরুষের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার মালিকান্দা গ্রামে। গত ৫ সেপ্টেম্বর জাপানের টোকিওতে অনুষ্ঠিত মিস জাপান-২০১৬-এর সেরা সুন্দরীর স্বীকৃতি পাওয়ায় আনন্দিত মালিকান্দা গ্রামের সব শ্রেণী-পেশার মানুষ। প্রিয়াঙ্কার জন্ম জাপানে হলেও তার বাবা অরুণ ঘোষের বেড়ে উঠা ঢাকা জেলার দোহারের মালিকান্দা ঘোষ পরিবারে।
সূত্রমতে, ১৯৮৫ সালের ২১ আগস্ট অরুণ ঘোষ বাংলাদেশ থেকে জাপানে পাড়ি জমান। সেখানে গিয়ে কয়েক বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হন জাপানি তরুণী নাউকোর সাথে। ১৯৯৪ সালের ২০ জানুয়ারি অরুণ-নাউকো দম্পতির ঘরে জন্ম নেয় প্রিয়াংকা ইউসিকা ঘোষ। বিয়ের পর একাধিকবার সপরিবারে দোহারের মালিকান্দা গ্রামে আসেন অরুণ ঘোষ। গেল বছরও পৈত্রিক ভিটায় এসেছিলেন অরুণ ঘোষ।
স্থানীয়রা জানায়, প্রিয়াঙ্কার চাচা অজয় ঘোষ ছিলেন মুক্তিযোদ্ধা। তিনি ঢাকা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার। বর্তমানে তিনি স্থায়ীভাবে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করছেন। সেইসূত্রে ঘোষ পরিবারের অধিংকাংশ সদস্যরা সেখানেই বসবাস করেন।
দোহারের মালিকান্দা গ্রামের বাড়িতে এখন প্রিয়াংকার দাদা অবনী মোহন ঘোষ ও ঠাকুরমার সমাধি ছাড়া আর তেমন কিছু নেই। প্রিয়াঙ্কার বাবা অরুণ পরিবারের মেঝো ছেলে। অজয় ঘোষ, অরুণ ঘোষ ও অমল ঘোষ- এরা তিন ভাই। তাদের দাদা ডা. প্রফুল্ল ঘোষ ছিলেন পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। একাধারে তিন তিনবার তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ড. প্রফুল্ল ঘোষের জন্মও দোহারের এই মালিকান্দা গ্রামেই। তার আমন্ত্রণে ১৯৩৫ সালে ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রধান পুরুষ মাহাত্মা গান্ধী মালিকান্দা গ্রামে এসেছিলেন এবং এখানে তার নিজের নামে একটি সেবাধর্মী প্রতিষ্ঠান নির্মাণ করেন । যেটি আজ তার স্মৃতি বহন করে চলেছে।
প্রিয়াঙ্কার চাচা অজয় ঘোষ জানান, আমরা জন্মসূত্রে বাংলাদেশী। সে কারণে বাংলাদেশে রয়েছে আমাদের পরিবারের শেকড়। একইসাথে প্রিয়াঙ্কার বাবার জন্মও বাংলাদেশে। প্রিয়াঙ্কা ভারতে কিছু দিন পড়ালেখা করেছে। পশ্চিমবঙ্গের সুধীর মেমোরিয়াল স্কুলে স্টান্ডার্ড টু ও থ্রি ক্লাসে দুই বছর পড়েছে। এরপর আমেরিকায় পড়াশোনা শেষ করে জাপানে স্থায়ীভবাবে বসবাস করছে সে। জাপানে ফিরে মডেলিংয়ের সাথে যুক্ত আছে প্রিয়াঙ্কা। এই ধারাবাহিকাতায় এবছর সে মিস জাপান নির্বাচিত হয়েছে। তার এ অর্জনে আমরা গর্বিত ও আনন্দিত। কিন্তু প্রিয়াঙ্কা বাংলাদেশের কথা তেমনভাবে কিছু বলতে পারবে না।
এসএ





