ফেনীর সোনাগাজীতে দেনার ৭০ টাকার জন্য গিয়াস উদ্দিন (২৬) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে পাওনাদার দোকানি। এঘটনায় পুলিশ দুই জনকে আটক করেছে।

বৃহস্পতিবার গভীর রাতে সোনাগাজীর ওলামা বাজারের চেয়ারম্যান পুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

গিয়াস উদ্দিন সোনাগাজীর চর ছান্দিয়া গ্রামের আবুল হাসেমের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত দেড়টার দিকে ওই বাজারের দোকানদার শফি উল্ল্যাহর নিকট বাকিতে সিগারেট চায় গিয়াস উদ্দিন।

এ সময় শফি উল্ল্যাহ পূর্বের দেনা ৭০ টাকা পরিশোধ ছাড়া বাকি দিবে না বলে জানায়। কিন্তু গিয়াস উদ্দিন নাছোড়বান্দা, বাকি দিতেই হবে। এনিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে শফি উল্ল্যাহর তিন ছেলে মাঈন উদ্দিন, ভোলন, নয়ন ও শফি উল্ল্যাহর বাড়ির দুই ভাড়াটিয়া রানা ও সালাম মিলে গিয়াস উদ্দিনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং ভাড়াটিয়া রানা ও সালামকে আটক করে।

তবে পুলিশ আসার খবর পেয়ে শফি উল্ল্যাহ ও তার তিন ছেলে পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

সোনাগাজী মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

এসএইচ