বিদায় নানা ঘটন-অঘটনের বছর ২০১৭। ভোরের সূর্যোদয়ে বর্ষপরিক্রমায় যোগ হলো আরেকটি নতুন বছর। স্বাগতম ২০১৮। প্রাপ্তি-অপ্রাপ্তির দোলাচলে কালের আবর্তে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর।

নতুন স্বপ্ন আর সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু হচ্ছে নতুন বছরের। না পাওয়ার সব গ্লানি মুছে নতুন বছর অর্জন আর প্রাচুর্য্যে, সৃষ্টি আর কল্যাণে হেসে উঠবে- এই প্রত্যাশা সবার।

পুরনোকে বিদায় দিয়ে নতুনকে বরণ করে নেয়াই মানুষের সহজাত ধর্ম। আবহমান কাল ধরে মানুষ পুরাতনকে শুকনো ঝরা পাতার মতো ত্যাগ করে নতুন কুঁড়ির উদগমন হৃদয়াঙ্গম করে।

৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশসহ বিশ্বের কোটি কোটি মানুষ নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে ইংরেজি নতুন বছরকে। দিনটিতে সারা বিশ্বে উদযাপিত হচ্ছে ইংরেজি নববর্ষ। বর্ষবরণে দেশে দেশে ছিল আয়োজনের ভিন্নতা। অতীত সবসময়ই ইতিহাস।

এ বছরের ভুলগুলো শুধরে সমস্ত ইতিহাস থেকে ভালো শিক্ষা গ্রহণের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ নির্মাণের লক্ষ্যে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীতের সফলতা-ব্যর্থতাকে বিবেচনায় রেখে ভবিষ্যৎ নির্মাণের জন্য এখন আমাদের সামনে তাকানোর দিন, দৃপ্ত পায়ে এগিয়ে যাওয়ার দিন। বাংলাদেশের মানুষের প্রত্যাশা সীমিত। কল্পলোকে বিচরণের চেয়ে বাস্তবকে তারা গুরুত্ব দেয় সব সময়ই।

বাংলাদেশ এক অদ্ভুত সম্ভবের দেশ। প্রকৃতির সঙ্গে লড়াই করেই এ দেশের মানুষ শ’ শ’ বছর ধরে টিকে আছে। বিপদে দুর্যোগে উন্নত বিশ্বের মানুষ যখন প্রযুক্তির দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের দামাল ছেলেরা সেখানে নির্ভয়ে নেমে পড়ে অতল গহ্বরে। এ দেশের চাষি, কুলি, কামিন, মুটে মজুরেরা সোনার ফসল ঘরে তোলে। তাদের শ্রমঘামেই বাড়ছে বার্ষিক মাথাপিছু আয়। সুখবর যেমন আমাদের আন্দোলিত করে তেমন খারাপ খবরও করে তোলে ব্যথিত, বেদনার্ত।

২০১৭ সালে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে ছিল নানা ঘটনাবহুল। একটি জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে টানাপড়েন, নিজ দেশে নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা ছয় লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর ভার গ্রহণ, আর্থিক খাতে নানা অনিয়মের খবর বছরজুড়েই ছিল আলোচনায়। জঙ্গিবিরোধী বেশ কয়েকটি অভিযান ঘিরেও ছিল আলোচনা।

তবে রাজনৈতিক অঙ্গন বছরজুড়েই ছিল অনেকটা শান্ত। বছর শেষে রংপুর সিটি করপোরেশন নির্বাচন শান্তিপূর্ণভাবে করে নতুন আশা জাগিয়েছে নির্বাচন কমিশন। আমাদের প্রত্যাশা নতুন বছর বয়ে আনবে সমৃদ্ধির বার্তা, প্রতিহিংসামুক্ত গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ সুস্থ পরিবেশ। আমরা সব সময় আশাবাদী।

আমরা স্বপ্ন দেখি সামনের দিনগুলো সুন্দর হবে। নতুন বছরে আমাদের প্রত্যাশা, রাজনৈতিক ক্ষেত্রে জনকল্যাণের বিষয়টি গুরুত্ব পাবে, বৈরিতার পরিবর্তে সৃষ্টি হবে সহযোগিতার পরিবেশ। জীবনের সব চাহিদা পূরণ করে প্রতিটি মানুষ সমৃদ্ধ জীবন পাবে এটি আমাদের প্রত্যাশা। আমরা চাই গতিশীল অর্থনীতি, উচ্চ প্রবৃদ্ধি আর উন্নতিতে সর্বোচ্চ অবস্থান।

দুর্ঘটনা বা সংঘাত সংঘর্ষে একটি প্রাণহানিও আমাদের কাম্য নয়। মানুষের জন্য বাসযোগ্য একটি মানবিক মূল্যবোধসম্পন্ন গণতান্ত্রিক বাংলাদেশ আমাদের প্রত্যাশা। সেই প্রত্যাশা নিয়ে সবাইকে জানাচ্ছি ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

এমবি