নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বিদ্যুৎ গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে প্রায় ২৫লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় সদর উপজেলার একাংশ ও সুবর্ণচর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।
রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হঠাৎ করে চৌমুহনী গ্রিডের ক্যাপাসিটার ব্যাংক-১ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় চারদিক ধোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। এসময় গ্রিডে থাকা লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে গ্রিডেরে লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে গ্রিডের ক্যাপাসিটার ব্যাংক-১ পুড়ে যায়।
নোয়াখালী ১৩২/৩৩ কেবি জাতীয় গ্রীডের সহকারী প্রকৌশলী একেএম রেজাউল করিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে বড় ধরনের কোন ক্ষতি হয়নি। আগুনের কারনে বিদ্যুৎ সরবরাহে কোন বিঘ্নঘটবে না বলে তিনি জানান।
চৌমুহনী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাত হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
কেএইচ/এসএইচ





