ছয়তলা মার্কেটের ছাদ থেকে পড়ে রফিকুল ইসলাম বাবু (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সাভার বাজার বাসস্ট্যান্ডের দিলকুশা সুপার মার্কেটে মঙ্গলবার রাত ৯টায় এ ঘটনা ঘটে।
নিহত বাবু ওই মার্কেটের মালিক আব্দুল মাজিদের ছোট ছেলে।
বাবুর পরিবার সূত্রে জানা যায়, সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন দিলকুশা সুপার মার্কেটের ছয়তলার উপরে এসির (এয়ার কুলার) ত্রুটি সারতে গিয়ে নিচে পড়ে যান বাবু।
পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বলেন, ছয়তলা থেকে পড়ে একজনের মারা যাওয়ার কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জেএ





