রাজধানীর কলাবাগানে সজিব আহমেদ (২১) নামে এক কলেজছাত্রকে গুলি করে তার কাছ থেকে নয় হাজার টাকা ও মোবাইল ফোনসেট নিয়ে গেছে ছিনতাইকারীরা।

কলাবাগান বাসস্ট্যান্ডে শনিবার রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ ওই ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতের চাচাতো ভাই পিয়াস আহমেদ জানান, সজিব কুমিল্লার ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্সের ছাত্র।

তার নানী অসুস্থ হয়ে পড়লে শনিবার তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসেন সজিব। তাকে (নানী) ধানমণ্ডির আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

তিনি আরও জানান, রাতে হাপাতাল থেকে খাবার কিনতে কলাবাগান আসেন সজিব। বাসস্ট্যান্ডের কাছে আসলে একটি পাজারো গাড়ি হঠাৎ সামনে থেমে তার গতিরোধ করে।

তিন জন লোক দ্রুত গাড়ি থেকে নেমে তার কাছে কী আছে জানতে চায়। সজিব তার কাছে নয় হাজার টাকা আছে বলে জানায়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীরা তার টাকা ও মোবাইল সেট কেড়ে নেয়।

তখন তিনি বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তার হাতে এক রাউন্ড গুলি করে দ্রুত চলে যায়।

পিয়াস আরও জানান, তার বাসা কলাবাগানে। চাচাতো ভাই সজিব আহত অবস্থায় কলাবাগানের একটি দোকানে গিয়ে তাকে ফোন করেন। তিনি ছুটে গিয়ে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ সেন্টু চন্দ্র দাস জানান, হাতে গুলিবিদ্ধ অবস্থায় ওই কলেজছাত্রকে রাতে হাসপাতালে আনা হয়। চিকিৎসা নিয়ে রাতেই তিনি চলে গেছেন।

এমকে