পাবনা ঈশ্বরদীর পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সদরুল হক পিন্টু হত্যা মামলায় দুই ছাত্রলীগকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
আটককৃতরা হলেন, ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রামের আব্দুল গনির ছেলে সাহাপুর ইউনিয়ন ছাত্রলীগের ১নং ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক ইমন ইসলাম (২২) ও ছলিমপুর ইউনিয়নের মানিকনগর গ্রামের ডা. কাজি সাইফুল ইসলামের ছেলে ছাত্রলীগকর্মী তৌফিক হাসান বৃত্ত (২০)
পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল ট্যাগিং এর মাধ্যমে মঙ্গলবার ভোরে সাহাপুর ইউনিয়নের দিয়ার সাহাপুর গ্রাম হতে ইমনকে আটক করা হয়। বিকালে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলি আদালত-১ এর ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের কাছে ছাত্রলীগ সভাপতি পিন্টু হত্যা সম্পর্কিত চাঞ্চল্যকর তথ্য প্রদান করেন তারা।
এরপর বিজ্ঞ আদালত তার জবানবন্দি রেকর্ড করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিকে মঙ্গলবার সন্ধায় ছলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকা হতে বৃত্তকে আটক করা হয়।
ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রনি জানান, যদি কোনো ছাত্রলীগ কর্মী এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকে জেলা কমিটির মাধ্যমে তাদের বহিষ্কার করা হবে।
ঈশ্বরদী থানার ওসি আজিম উদ্দিন জানান, মামলার তদন্তের স্বার্থে অনেক কিছু গোপন রাখতে হচ্ছে।

গত ২ এপ্রিল নিহত পিন্টুর বাবা আজাদ মাল বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পাঁচজনসহ ১৪ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।বাকি আসামিদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
জেড





