মুজিববর্ষের প্রথম দিনে ১০০ জন হাফেজ ১০০ বার পবিত্র কোরআন খতম করবেন বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের অংশ হিসেবে জাতির পিতার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় ১৭ মার্চ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইমাম ও খতিবের তত্ত্বাবধানে দেশের প্রখ্যাত ১০০ জন হাফেজের মাধ্যমে ১০০ বার খতমে-কোরআন সম্পন্ন করা হবে।
সোমবার টুঙ্গিপাড়ায় জাতির পিতার মাজার জিয়ারত মোনাজাতে অংশগ্রহণ, আগামীকাল ১৭ মার্চ মুজিব জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে জাতির পিতার সমাধি সৌধে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।
ধর্ম প্রতিমন্ত্রী জানান, খতমে-কোরআন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর পরিবারের সব শহীদ সদস্য, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদ, দুই লাখ নির্যাতিত মা-বোন, ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত দেশের সব শহীদ সদস্য, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নিহত সব শহীদ সদস্য ও জাতির কল্যাণ কামনা বিশেষ করে এবং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে বিশ্ববাসীকে বিশেষ করে বাংলাদেশের জনগণকে রক্ষার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবর্ষ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সঙ্গে সমন্বয় রেখে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
প্রতিমন্ত্রী বলেন, মঙ্গলবার দেশব্যাপী মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া/প্রার্থনা করা হবে।
এছাড়া চলতি বছরের ডিসেম্বরের সুবিধাজনক তারিখে ঢাকায় মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা ও সব ধর্মের অধিকার সুরক্ষায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান শীর্ষক আন্তর্জাতিক সেমিনার আয়োজন করা হবে।
এমআর





