নরসিংদীতে সৈয়দা রিনভি আক্তার রিয়া (১৭) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় বখাটে।
রিয়া নরসিংদী জেলার বেলাবো থানার বাজনাবো সৈয়দপুর গ্রামের সৈয়দ শামসুজ্জামানের মেয়ে।
বৃহস্পতিবার বিকেলে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
রিয়ার বড়ভাই সৈয়দ ফখরুজ্জামান অপু বলেন, আলামিন নামে স্থানীয় এক বখাটে প্রায়ই আমার বোনকে উত্যক্ত করত। এদিনও উত্যক্তের এক পর্যায়ে সে প্রতিবাদ করায়, আলামিন ক্ষিপ্ত হয়ে ধারালো চাপাতি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে।
আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বেলাবো সদর হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় তার মৃত্যু হয়।
এ ঘটনার পর এলাকাবাসী বখাটে আলামিনকে বেলাবো থানায় সোপর্দ করেছে বলে জানান অপু।
ঢামেক ক্যাম্প পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এএইচ





