বরিশাল জেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মো. হারুন গাজী (৫০) নামে এক দর্জি নিহত হয়েছেন। নগরীর সাগরদি এলাকার চান্দু মার্কেটে সোমবার সকাল সাড়ে দশটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন গাজী নগরীর সাগরদি এলাকার চান্দু মার্কেটের ব্যবসায়ী এবং ওই এলাকার বাসিন্দা।

নিহত হারুন গাজীর মেজ ভাই মো. ছালাম গাজী জানান, তার ছোট ভাই মনির বাড়ি থেকে সাইকেলে করে চান্দু মার্কেটে যাচ্ছিলেন। এ সময় একই এলাকার হোটেল ব্যবসায়ী সোহাগের গায়ে ধাক্কা লাগে। এ জন্য মনিরকে মারধর করে সোহাগ। মনির প্রতিবাদ করলে সোহাগের ভাই আলামিন, রুবেল এরা সংগঠিত হয়ে হামলা করে। ছোট ভাই মনিরকে বাঁচাতে গিয়ে হারুন গাজী গুরুতর আহত হন।

এ সংঘর্ষে কোতয়ালী থানার এএসআই এইচএম সবুর হোসেন আহত হারুন গাজীকে আটক করে পুলিশ ভ্যানে তোলেন। পরে স্থানীয়দের বিশেষ অনুরোধে হারুন গাজীকে পুলিশ ছেড়ে দেয়। আহত হারুন গাজীকে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. মানুনুর রশীদ তাকে মৃত ঘোষণা করেন। অতিরিক্ত শারীরিক আঘাতে তার মৃত্যু হয়েছে বলে ডাক্তার জানান।

কোতয়ালী মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আতাউর জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমই