অধিকাংশ কেন্দ্র থেকে ধানের শীষের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বরিশাল সিটিতে বিএনপির মেয়রপ্রার্থী মজিবুর রহমান সারোয়ার।

আজ সকালে নগরীর সৈয়দা মজিদুন্নেসা কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। সারোয়ার বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা রাতেই অনেক কেন্দ্র দখলে নিয়েছে। সকালে বিএনপির এজেন্টদের ঢুকতে দেয়া হয়নি। অন্য সিটির মতো এখানেও অরাজকতা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘পরিস্থিতি থমথমে। বিএনপির ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। তার পরও যদি শতকরা ২০ ভাগ শান্তিপূর্ণ নির্বাচনও হয়, তাহলে ধানের শীষ জিতবে।

উল্লেখ্য, বরিশালে ভোটার ২ লাখ ৪২ হাজার ১৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২১ হাজার ৪৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ২০ হাজার ৭৩০ জন। মেয়র পদে ৬ জন, সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ৯৪ জন এবং নারী কাউন্সিলর পদে ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ১২৩ এবং ভোটকক্ষ ৭৫০টি। ছয় মেয়র প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির তাদের প্রার্থী প্রত্যাহার করে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দিয়েছে।

বরিশালে মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ (নৌকা), বিএনপির মো. মজিবর রহমান সরোয়ার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবুল কালাম আজাদ (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের মনীষা চক্রবর্তী (মই), ইসলামী আন্দোলন বাংলাদেশের ওবাইদুর রহমান মাহাবুব (হাতপাখা)।

জেড