লক্ষ্মীপুরে পৌর শহরের কালী বাজার রোডের পাশে এক অগ্নিকাণ্ডে তুলার গোডাউনসহ তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার বেলা সাড়ে ১২টায় তুলার গোডাউনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে চারদিকে তা ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে স্থানীয় আহসান উল্ল্যাহর তুলার মেশিনসহ গোডাউনের মালামাল, জামাল হোসেনের তিলের খাজার ফ্যাক্টরি, হাফিজুল্যাহর পুরাতন মালামালের দোকানসহ তিনটি দোকানের প্রায় ১০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা ও  ফায়ার সার্ভিস স্টেশন লিডার সিরাজ মিয়া জানান।

খবর পেয়ে লক্ষ্মীপুর পৌর সভার মেয়র আবু তাহের ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন এ দুই জনপ্রতিনিধি।

জেআই