চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যা মামলায় দু'জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ ট্রাইব্যুনালের বিচারক ও বিশেষ দায়রা জজ সৈয়দা হোসনে আরা এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন রেজাউল করিম ও মফিজুল ইসলাম। তবে মফিজুল পলাতক রয়েছেন।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি আবুল কালাম আজাদ ও সরোয়ার কামালকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি মো. জাহাঙ্গীর আলম এসব তথ্য জানান।
মামলার সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তিনি বলেন, ২০০৫ সালের নভেম্বরে উপজেলা সদরের কলেজ রোডের দোকান কর্মচারী দিদারুল আলম খুন হন। দোকান মালিকের মেয়ের সঙ্গে দিদারুলের প্রেমের সম্পর্ক ছিল। এর জের ধরে তিনি খুন হন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় দিদারুলের বাবা মাহমুদুর রহমান বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে দোকান মালিকের ভাইসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় ঘোষণা করেন আদালত।
ওএফ





