নারায়ণগঞ্জের আড়াইহাজার এক কেন্দ্রের বাইরে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোটারদের ভোট দিতে বাধ্য করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার সকালে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইলমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এই ইউনিয়নে ভোটযুদ্ধ হচ্ছে নৌকা প্রতীকের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী শহীদুল ইসলাম ভেন্ডার এবং আনারস প্রতীকে দলটির বিদ্রোহী প্রার্থী ও জেলা কৃষক লীগের সভাপতি সিরাজুল ইসলামের মধ্যে।

ওই কেন্দ্র থেকে আগেই আনারস প্রতীকের লোকজনকে বের করে দিয়েছে নৌকা প্রতীকের কর্মীরা।
বিদ্রোহী প্রার্থী সিরাজুল ইসলামের অভিযোগ পেয়ে কেন্দ্র গিয়েও তার সত্যতা মেলে। সেখানে লাইনে দাঁড়ানো ভোটারদের প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট দিতে বাধ্য করছেন রাজউকের বিল্ডিং পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে নৌকার এজেন্টরা।

প্রিসাইডিং অফিসারকে একাধিকবার বিষয়টি জানিয়েও কোনো কাজ হয়নি বলে জানান দায়িত্বরত এক আনসার সদস্য।

কেন্দ্রের দায়িত্বে থাকা আনসার ও পুলিশ সদস্যরা ক্ষমতাসীনদের কাছে অসহায়। তারা চুপ করে শুধু দেখছেন এই ভোট জালিয়াতি।

আনসার সদস্যরা বলেন, 'এই ইউনিয়নের সব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোট হলেও এই কেন্দ্রে যা হচ্ছে, তা ভাষায় বলা যাবে না। নৌকা প্রতীকের লোকজনের কাছে আমরা অসহায়।'

বাইরে এই ঘটনায় চরম বিশংখলা দেখা দিলেও তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কৃষ্ণপদ মণ্ডলের।

তিনি তখন দরজা বন্ধ করে চা-বিস্কিট খাচ্ছেন। সাংবাদিক যেতেই হঠাৎ করে সরব হয়ে উঠেন কৃষ্ণপদ মণ্ডল। সবাইকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য তাগাদা দিতে থাকেন।
কেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারার বিষয়ে প্রিসাইডিং অফিসার কৃষ্ণপদ মণ্ডল বলেন, 'খুবই সমস্যার মধ্যে আছি ভাই। একদিকে ঠিক করছি তো, আরেকদিকে ঝামেলা তৈরি হচ্ছে।'

উল্লেখ্য, আড়াইহাজারে এবার ৮টি ইউনিয়নে ভোট হচ্ছে। এর মধ্যে আগেই ৬টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এমই