ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় আনসার ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা ক্যাম্পের ভেতরে ইটপাটকেল নিক্ষেপ করে।
ঘটনার নিয়ন্ত্রনে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। হামলা ও ইটপাটকেল নিক্ষেপে দুই আনসার সদস্যসহ ৫ জন আহত হয়েছে।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার পর সোনারগাঁও থানার ওসি ও আনসার বাহিনীর উবর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মেঘনা টোল প্লাজার আনসার ক্যাম্পের আনসার কমান্ডার মো. মুসলিম মিয়া জানান, মহাসড়কের মেঘনা টোল প্লাজার টোল ফাঁকি দিয়ে এলাকায় কয়েকজন লেগুনা চালক নিয়মিত যাতায়ত করে। এ নিয়ে মঙ্গলবার বিকেলে আনসার সদস্য মেহেদী হাসানের সাথে লেগুনা যাত্রী ইসলামপুর গ্রামের আলীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আনসার সদস্যের সাথে লেগুনার যাত্রীদের ধস্তাধস্তি হয়।
পরে মঙ্গলবার সন্ধ্যার দিকে আলী ও নুরার নেতৃত্বে ৪০-৫০ জনের একটি দল লাঠিসোটা নিয়ে আনসার ক্যাম্পে হামলা চালায়। এসময় হামলাকারীরা ক্যাম্পে ইটপাকেল নিক্ষেপ করে। তাছাড়া হামলাকারীরা আনসার ক্যাম্পের আনসার কমান্ডার মো. মুসলিম মিয়া, সদস্য মানিককে পিটিয়ে আহত করে। হামলাকারীদের ইটপাটকেলের আঘাতে ৩ পথচারীও আহত হয়েছে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে আনসার সদস্যরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। খবর পেয়ে সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের ও আনসার বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সোনারগাঁও থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের পিপিএম জানান, ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আনসার বাহিনীর পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।
ওএফ





