সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদ্রাসার সুপার মাওলানা বাবুল আক্তারকে (৪৬) কুপিয়ে খুন করেছেন একই মাদ্রাসার নৈশ প্রহরী আবুল কালাম গাজী।
বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৩টার দিকে মাদ্রাসার কাছে এ হত্যার ঘটনা ঘটে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, বিকেলে মাদ্রাসা ছুটি দিয়ে বাড়ি যাওয়ার পথে নৈশ প্রহরী আবুল কালাম তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান।
ওসি আরো জানান, আবুল কালামকে দপ্তরি পদে নিয়োগ দিয়ে নৈশ প্রহরীর কাজ করাচ্ছিলেন মাদ্রাসা সুপার। সম্প্রতি আবুল কালামকে নৈশ প্রহরী হিসেবে রেখে দপ্তরি পদে অন্য একজনকে নিয়োগ দেন তিনি। আবুল কালাম এতে ক্ষিপ্ত হয়ে মাদ্রাসা সুপারকে কুপিয়ে হত্যা করেছেন।
খবর পেয়ে পুলিশ মরহেদ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।
ওএফ





