জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে মারাত্মক আহত করেছে স্থানীয় ইউপি সদস্য বাচ্চুর সমর্থকরা।

গোপালগঞ্জের মুকসুদপুরে মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহতাবস্থায় কাজী শহর আলী (৪২) ও তার স্ত্রী আফরোজা বেগমকে (৩০) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত কাজী শহর আলী মুক্তিযোদ্ধা কাজী আনোয়ার হোসেনের ছেলে।

কাজী শহর আলী বলেন, ‘গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড থেকে আমি সদস্য পদে নির্বাচন করি। নির্বাচনে আমি বাচ্চু মুন্সীর কাছে পরাজিত হই।

তারপর থেকেই বাচ্চু মুন্সি আমার বিরুদ্ধে বিভিন্ন শত্রুতা শুরু করে। একাধিক মামলাও করেছে সে। এছাড়া তিন মাস আগেও সে এক মহিলাকে দিয়ে আমার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করায়।

বিষয়টি এলাকার মাতব্বরদের কাছে জানালে সে আমার ওপর আরও ক্ষিপ্ত হয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এসব বিষয়ে মুকসুদপুর থানায় একাধিকবার অভিযোগ করলেও পুলিশ আমার মামলা নেয়নি।

গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বার অভিযুক্ত বাচ্চু মুন্সি বলেন, ‘মাসখানেক আগে কাজী শহর আলী ও তার লোকজন আমার লোকজনকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছিল। তার প্রতিশোধ হিসেবে আমার লোকজন কাজী শহর আলী ও তার স্ত্রীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিয়েছে।

গোবিন্দপুর ইউনিয়নের চেয়ারম্যান ওবায়দুর ইসলাম বলেন, উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে এদের বিষয়গুলো মীমাংসার জন্য একটি সালিশ বৈঠকের সিদ্ধান্ত হয়। আজ সালিশ বৈঠকের তারিখ নির্ধারণ করার কথা ছিলো। এর আগেই বাচ্চু মেম্বারের লোকজন এ ঘটনা ঘটিয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও ওসি জানান।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ