রাজধানীর বাড্ডায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত দুইজন।
আজ বৃহস্পতিবার দুপুরে আফতাবনগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শ্রমিকেরা হলেন- কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার কাজাইকাটা গ্রামের মংলা শেখের ছেলে রবিউল ইসলাম (৩০) ও একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সুমন হোসেন (৩২)।
আহতরা হলেন- মো: সাইদ হাসান (২৫) ও কামাল হোসেন (৩০)।
জানা গেছে, গুরতর আহত অবস্থায় সহকর্মীরা তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুপুর পৌনে ১টায় প্রথমে রবিউল ইসলামকে পরে সুমন হোসেনকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী রবিউলের বড় ভাই তৌফিজ শেখ বলেন, আফতাবনগরে একটি নির্মাণাধীন সাততলা ভবনের চার তালার বাহির অংশে মাচা বেঁধে সেখানে দাঁড়িয়ে প্লাস্টারের কাজ করছিলেন তারা। সেখান থেকে ওই মাচা ভেঙে সবাই নিচে পড়ে যায়। পরে তাদের সহকর্মীদের সহায়তায় ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: বাচ্চু মিয়া বলেন, লাশ দু’টি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বাকি দু'জন চিকিৎসাধীন রয়েছেন।
এবিএস





